জাপা সম্পর্কে আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে -------- জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, রাজনীতিতে দুর্নীতি ও ষড়যন্ত্র আছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে এরশাদের আদর্শ বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। অনেকেই ভেবেছিল এরশাদের মৃত্যুর পরে জাপা অস্তিত্বের সংকটে পড়বে। কিন্তু সবার আশঙ্কা ভুল প্রমাণ করে জাপা এখন ঐক্যবদ্ধ এবং অনেক শক্তিশালী। গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কমিটি আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে অভিনন্দন জানান।

যুব সংহতির সভাপতি ও জাপার প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া, যুব সংহতির কেন্দ্রীয় সহসভাপতি ড. সৈয়দ আবুল কাশেম, দ্বীন ইসলাম শেখ প্রমুখ।