ডিম আমদানির অনুমতি নয়: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, বিদেশ থেকে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে না। দেশে চাহিদানুযায়ী ডিমের পর্যাপ্ত উত্পাদন রয়েছে। এই মুহূর্তে ডিম আমদানির কোনো প্রয়োজন নেই। ডিম আমদানি করলে শিল্প ধ্বংসের মুখে পড়বে।

গতকাল সোমবার মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘মত্স্য ও প্রাণিসম্পদ খাতে ই-সেবা কার্যক্রম চালুকরণ’ প্রকল্পের ই-কন্টেন্ট ও ভিডিও কন্টেন্ট নির্বাচন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চীন, ভারতসহ করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে প্রাণিসম্পদ আমদানির ক্ষেত্রে কমপক্ষে ১৫ দিন কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করে ছাড়পত্র দেওয়া হবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব সুবোল বোস মনি ও অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।