ভারত নাগরিকত্ব দিলে বাংলাদেশের অর্ধেক খালি হয়ে যাবে

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি দাবি করেছেন, ভারতে নাগরিকত্ব দেওয়া হলে বাংলাদেশের অর্ধেক খালি হয়ে যাবে। রবিবার   হায়দরাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেস ও কেসিআরকে আক্রমণ করে তিনি বলেন, সিএএর বিরোধিতা করে তারা অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের সুবিধা পাইয়ে দিতে চাইছে। খবর ওয়ান ইন্ডিয়ার

কিষান রেড্ডি বলেন, অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি দিলে অর্ধেক বাংলাদেশ খালি হয়ে যাবে। তিনি দাবি করেন, নরেন্দ্র মোদির সরকার খুব ভেবেচিন্তেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এতে অনুপ্রবেশ বন্ধ হবে বলে মনে করেন তিনি। মন্ত্রীর দাবি, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের অমুসলিমদের নাগরিকত্বদানের সিদ্ধান্ত মানবিকতার খাতিরেই নেওয়া হয়েছে। এর মধ্যে রাজনীতির কোনো জায়গা নেই।

কংগ্রেসকে আক্রমণ

বিরোধীরা সিএএর বিরোধিতা করে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব পাইয়ে দিতে চাইছে। ভারত নাগরিকত্ব প্রদান করতে চাইলে আর্ধেক বাংলাদেশ খালি হয়ে যাবে। তখন ভারতীয়দের কি হবে ভেবে দেখেছেন রাহুলরা? তারা কী দায়িত্ব নেবেন দেশবাসীর? প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

কেসিআরকে চ্যালেঞ্জ

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরকে চ্যালেঞ্জ জানিয়ে কিষান রেড্ডি দাবি করেছেন, সিএএতে ১৩০ কোটি ভারতীয়ের কোনো ক্ষতি হচ্ছে সেটা প্রমাণ করে দেখান। কেসিআরের পাশাপাশি এআইএমআইএমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকেও আক্রমণ করেন তিনি। তার অভিযোগ, ভোট ব্যাংকের জন্য ওয়েইসি এবং কেসিআর সিএএর বিরোধিতা করছে।