হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুর পাড় থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অরুন দাশের (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পুকড়া গ্রামের ফারুক মিয়ার পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ ও তার স্বজনরা জানায়, সোমবার শ্বশুর বাড়ির পাশ্ববর্তী কবিরপুর গ্রামে একটি ধর্মীয় উৎসবে যান অরুন দাশ। সন্ধ্যায় ছেলে অনন্ত দাশের সাথে মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে পরিবারের সাথে আর যোগাযোগ ছিলো না তার। মঙ্গলবার হাওরে কাজ করতে যাওয়ার সময় তার ভাগ্নে জগদীশ দাশ পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।
আরো পড়ুন: স্ত্রী লিপ্ত পরকীয়ায়, অভিমানে স্বামীর ‘আত্মহত্যা’
নিহতের ভাতিজা অচিন্ত দাশ জানান, সোমবার সকাল ১০টায় বাড়ি থেকে বের হন। তিনি কবিরপুর গ্রামে শ্বশুর বাড়িতে একটি ধর্মীয় উৎসবে যান। সন্ধ্যায় ছেলে অনন্ত দাশের সাথে মোবাইল ফোনে কথা হয়। এরপর আর পরিবারের সাথে কোন যোগাযোগ ছিলনা।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মনাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে।
ইত্তেফাক/এএএম