খেলতে গিয়ে সাপের ছোবলে ২১ মাসের শিশুর মৃত্যু, পাশেই ছিল সাপ 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৯:৩৫

চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের ভেতরে খেলার সময় বিষধর সাপের ছোবলে মো. আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবদুল্লাহ বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার প্রবাসী ওসমান আলীর একমাত্র ছেলে।

শিশুটির চাচা রুকন উদ্দিন বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় ঘরের দরজার পাশে বসে খেলছিল আবদুল্লাহ। হঠাৎ শিশুটি কেঁদে উঠলে তার মা ও দাদি এগিয়ে গিয়ে পাশে একটি সাপ দেখতে পান। সাপটি দ্রুত সেখান থেকে চলে যায়। পরে শিশুটির জামা খুলে ডান হাতের বগলের কাছে সাপের ছোবলের দুটি দাগ ও রক্ত দেখতে পান পরিবারের সদস্যরা।

রুকন উদ্দিন আরও বলেন, রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে অ্যান্টিভেনম দেন। পরে রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহরম আলী বলেন, আবদুল্লাহ তার মা-বাবার একমাত্র সন্তান ছিল। শিশুটি কেঁদে ওঠার পর পরিবারের সদস্যরা সাপের পাশাপাশি একটি ব্যাঙও দেখতে পেয়েছিলেন। এ কারণে প্রথমে তাদের ধারণা হয়েছিল, ব্যাঙ কামড় দিয়েছে। পরে ছোবলের দাগ দেখে তারা সাপে দংশনের বিষয়টি বুঝতে পারেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুনুল হক বলেন, শিশুটির শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই অ্যান্টিভেনম দেওয়ার পরই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়।

 
ইত্তেফাক/এসজে