একুশে গ্রন্থমেলায় বিপাশা ইসলামের ‘ঘুনপোকা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে। মোট ৩৮টি কবিতা দিয়ে সাজানো হয়েছে ‘ঘুনপোকা’কাব্যগ্রন্থটি। এটা লেখকের তৃতীয় কাব্যগ্রন্থ। প্রেম-বিরহ, প্রকৃতি ও বৈশ্বিক আবহসহ বিভিন্ন ধরণের কবিতা ঠাঁই পেয়েছে এতে। এরমধ্যে বেশির ভাগ কবিতায় বিচ্ছেদ-হাহাকার প্রধান অনুষঙ্গ হয়ে উঠে এসেছে।
‘ঘুনপোকা’ মূলত কাঠ বিধ্বংসকারী আপাত দৃশ্যে একটি ক্ষুদ্রকায় পোকা। সে মূলত কাঠের ভেতরের অংশ কুড়ে কুড়ে খেয়ে বিনাশ করে ফেলে। অথচ বাইরে থেকে দেখে বোঝার উপায় থাকেনা।
আরো পড়ুন: বোনকে নকল দিতে গিয়ে ভাই আটক
ঠিক তেমনি বিচ্ছেদও একধরনের ‘ঘুনপোকা’ যা হৃদয়কে কুড়েকুড়ে খেয়ে সমূলে বিনাশ করে। ঘুনপোকার সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণার রয়েছে অদ্ভুত সাদৃশ্য। আর এ কারণেই বইটির নামকরণও করা হয়েছে ঘুণপোকা।বিচ্ছেদের যে দহন-যন্ত্রণা তা নানাভাবে উপমা, উৎপ্রেক্ষাযোগে কবিতায় উঠে এসেছে। ব্যক্তি মানুষের যাপিত জীবনের যে অন্তঃক্ষরণতা কবিতার অক্ষরে অক্ষরে ফল্গু স্রোতের মতো প্রবাহিত। যত্নে গড়া ফুলের বাগান অতর্কিত ঝড়ে কখনো লণ্ডভণ্ড হয়ে বিরূপ এক দৃশ্যের জন্ম দেয়। কিন্তু স্মৃতিতে থেকে যায় সেই পুষ্পিত উদ্যান! কবিতাগুলোতেও সেই কোমল স্মৃতির অনুসন্ধান আছে। কাঁটার আঘাত নয় বরং পুষ্পের অভিঘাতই বড় হয়ে উঠেছে এতে।
বইটি নওরোজ কিতাবিস্তান প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। এর প্রচ্ছদ করেছেন আক্কাস খান। বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।
ইত্তেফাক/এএএম