‘অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা চেষ্টা করে যাচ্ছি’

বিনোদন রিপোর্ট

 

ভালোবাসা দিবস মানেই অসংখ্য নাটক প্রচার। ঈদের পরে ভালোবাসা দিবসের জন্য মূলত বেশি নাটক নির্মাণ হয়। তাই তারকাদের ব্যস্ততাটাও একটু বেশি থাকে।

এই সময়ে ছোটপর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব। সারাবছরের মতো বিশেষ দিবসেও তার নাটক দেখার অপেক্ষায় থাকেন ভক্তরা। এবার ভালোবাসা দিবসেও একাধিক নাটকে দেখা যাবে তাকে। এরমধ্যে ‘লাভ স্টোরি ৩৬০’ শিরোনামে একটি নাটকের অভিনয় করেছেন তিনি। সেখানে তার সঙ্গে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফাহরিয়ান চৌধুরী তন্ময়। জানা যায়, নাটকটি রোমান্টিক ঘরানার।

কিন্তু নাটকটি যেভাবে শেষ হবে বলে মনে হবে সেভাবে শেষ হয় না। বিভিন্ন চমক দিয়ে নির্মিত এই নাটকটির শুটিং শেষ হয়েছে এরইমধ্যে। এই নাটকে তৌসিফ-তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন পীরজাদা হারুন, মামুন, নাদিয়া, রানা প্রমুখ। নাটকটি আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ১০টায় একুশে টিভিতে প্রচারিত হবে।

ভালোবাসা দিবসের নাটকগুলোর জনপ্রিয়তা থাকলেও অভিযোগের বাইরে নয়। একই ধরনের গল্প ঘুরে ফিরেই দেখা যায় প্রতিবার। তাই দর্শকদের মাঝেও তৈরি হয় এক ধরনের হতাশা। তবে এবার ভালোবাসা দিবসের নাটক নিয়ে বেশ উচ্ছ্বসিত তৌসিফ। তিনি বলেন, ‘এবারের কাজগুলো নিয়ে আমি ইতিবাচক কথাই বলবো। বাকিটা প্রচারের পর দর্শকরা বলতে পারবেন। অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কাজ দেওয়ার। ভালোবাসা দিবসের গতানুগতিক গল্প নিয়ে যে প্রশ্ন ওঠে সেটি এবার অনেকটা কমবে বলে বিশ্বাস করি। কারণ গতানুগতিক গল্পের বাইরেও ভালোবাসা ভিন্নরূপ নিয়ে এবার অনেকগুলো নাটক নির্মিত হয়েছে। আশা করি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করবে এবারের কাজগুলো। আমাদের চেষ্টার কোনো কমতি কখনোই থাকে না।’