আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরকে দলে নিয়েছে সিলেট সিক্সার্স। সাথে আছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজে এ খবর নিশ্চিত করেছে দলটি। তাহিরের ছবি দিয়ে সেখানে ক্যাপশনে সিলেট সিক্সার্স লিখেছে, ‘দক্ষিণ আফ্রিকার বিস্ময়কর গুগলি স্পিনার তাহিরকে এখন সিলেট সিক্সার্সের দলে।’ বিপিএলের গেল আসরে ভালো ফল করতে পারেনি সিলেট। পঞ্চমস্থানে থেকে আসর শেষ করতে হয় তাদের। তাই ষষ্ঠ আসরকে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে সিলেট। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে দলে নিয়েছে তারা। বল টেম্পারিং-এর কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন ওয়ার্নার। ওয়ার্নার ছাড়াও সিলেটে আছেন সাব্বির রহমান-নাসির হোসেন-নিকোলাস পুরান-আন্দ্রে ফ্লেচারের মতো তারকা খেলোয়াড়। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর।