টে স্ট বি প র্য য়
দেশে ফিরেছেন মুমিনুলরা
স্পোর্টস রিপোর্টার
টেস্ট ক্রিকেটে শুরুর দিনগুলোতে বাংলাদেশের পারফরম্যান্স এমন ছিল।
সবশেষ এক বছরেরও বেশি সময়ে বাংলাদেশের টেস্টে কোনো ম্যাচ ড্রও নেই। এই সময়ে ৬টি ম্যাচ খেলেছে তারা; ৫টিতেই ইনিংস পরাজয়। বাকি একটি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুই শতাধিক রানের হার। এই ভয়ানক টেস্ট ধারাবাহিকতা সবাইকেই দুশ্চিন্তায় ফেলেছে। আর জাতীয় দলের প্রধাণ নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছেন, এই দায় ক্রিকেটারদের।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। সেই দলের কিছু খেলোয়াড়, নির্বাচক ও কর্মকর্তাসহ ১২ জন গতকাল ফিরে এসেছেন দলে। স্বাভাবিকভাবেই এদের নিয়ে চলছে সমালোচনা। বড় দৈর্ঘের ক্রিকেটে দেশের পারফরম্যান্স যে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা লুকানোর চেষ্টা করলেন না নান্নু। তিনি বলছেন, ‘লংগার ভার্সন ক্রিকেটে এটা অবশ্যই একটা চিন্তার কারণ। কারণ বিদেশের মাটিতে পারফরম্যান্স সবার ওপরে। ঐ পরিকল্পনায় আমরা পুরোপুরি যেতে পারছি কিনা। পাঁচ দিন ক্রিকেট খেলার মন-মানসিকতা না থাকলে কঠিন। এই জায়গা থেকে ফিরে আসতে হবে। ক্রিকেটাররা লংগার ভার্সনে ঘরের মাঠে ভালোই খেলছে। বিদেশে গিয়ে পারছে না। এটা অবশ্যই চিন্তার বিষয়।’
নান্নু দাবি করছেন, বোর্ড থেকে যে ধরনের সুবিধা পাওয়ার কথা, তার সবই পাচ্ছেন ক্রিকেটাররা। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটেও কোনো দুর্বলতা দেখছেন না তিনি। বলছেন, এর পর দায়টা খেলোয়াড়দেরই, ‘পারফরম্যান্স সম্পূর্ণ খেলোয়াড়দের ওপর। যতটুকু সুযোগ-সুবিধা পাওয়ার ওরা কিন্তু সবই পাচ্ছে। লংগার ভার্সন ক্রিকেটে কোনো ল্যাকিংস নেই। প্রথম শ্রেণির ক্রিকেট খেলছে। যাওয়ার আগেও বিসিএলের ম্যাচ খেলে গেছে। এমনকি সবাই পারফরম করে গেছে। এমন না যে, আপনি চার দিনের ম্যাচ খেলছেন না, আপনি গিয়ে পাঁচ দিনের ম্যাচে নেমে গেছেন। ’
তবে এরপরও আশাবাদী হতে চান নান্নু। আশা করছি, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই দল ঘুরে দাঁড়ানো শুরু করতে পারবে। বলছিলেন, ‘আপস অ্যান্ড ডাউন আছে ক্রিকেটে। আমরা ৬ মাস ধরে খারাপ খেলছি, আশা করছি ঘরের মাঠের সিরিজ দিয়ে আমরা আবারও ঘুরে দাঁড়াব।’
অনেকেই এই দলে অনেক পরিবর্তন আশা করছেন। কিন্তু নান্নু বলছেন, চাইলেই রাতারাতি দল বদলে ফেলা সম্ভব না। তাই এই দলকেই আরেকটু সময় দেওয়ার পক্ষে তিনি, ‘চাইলেই তো সব ক্রিকেটারকে আপনি চেঞ্জ করে দিতে পারেন না। এটা তো বললে হবে না। একটা দল থেকে আপনি ফলাফল পাচ্ছেন না একটু অপেক্ষা করতে হবে।’
বর্তমান টেস্ট দলে বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স হতাশাজনক। এর একটা কারণ মনে করা হচ্ছে, এই ক্রিকেটাররা অটো চয়েস হয়ে গেছেন। কিন্তু এই সমালোচনাটা যথার্থ মনে করছেন না নান্নু, ‘আমি একটা ব্যাপার বুঝলাম না যে, এটা কেন হচ্ছে। সিনিয়র ক্রিকেটাররা গত পাঁচ বছর ধরে খেলে যাচ্ছে, তারা কিন্তু নন স্টপ খেলে যাচ্ছে। ওদের কিন্তু বিশ্রাম দেওয়া হচ্ছে না। সুতরাং এধরনের প্রশ্ন আসার কোনো মানে হয় না।’