যুব দলের বিদেশি কোচদের মেয়াদ বাড়াচ্ছে বিসিবি

বিশ্বকাপ জয়ের পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আকবর আলী, মাহমুদুল হাসান জয়দের মতো দলের কোচিং স্টাফের সদস্যরাও পুরস্কৃত হতে যাচ্ছেন। শীষ্যদের পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন দলের কোচরা। ইতিমধ্যে বিশ্বকাপ জয়ী বাংলাদেশ যুব দলের কোচদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে বিসিবি। বিশ্বকাপে যুব দলের হেড কোচ ছিলেন শ্রীলঙ্কার নাভিদ নেওয়াজ। তার অধীনেই গত দুই বছর খেলছে বাংলাদেশ দল। ২০১৮ সালের জুলাইয়ে দায়িত্ব নেন নেওয়াজ। একই বছর স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ারও যোগ দিয়েছেন দলের সঙ্গে। বাংলাদেশ বিশ্বকাপ জয়ের পর নেওয়াজের প্রশংসা করে টুইট করেছিলেন লঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া।  বিদেশি কোচদের চুক্তির মেয়াদ বাড়ানো প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল বলেছেন, ‘আসলে এই বিষয়গুলো আমরা আগেই চিন্তা করে রেখেছি। আমরা সম্ভবত তাদের সবার সঙ্গে চুক্তি কন্টিনিউ করব।’আমাদের বিদেশি যে বিশেষজ্ঞ আছে তারা আমাদের সঙ্গেই থাকছেন।’