স্পোর্টস ডেস্ক
সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার হোর্হে ভালদানোর বিশ্বাস, আধুনিক ফুটবলে পেপ গার্দিওলার চেয়ে বেশি প্রভাব রাখতে পারেননি আর কোনো কোচই। সম্প্রতি এক সাক্ষাত্কারে এমন অভিমত জানান সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।
য়ুর্গেন ক্লপের লিভারপুলের গুণগ্রাহী হলেও ভালদানোর বিশ্বাস বিশ্বফুটবলে গার্দিওলার প্রভাবটাই বেশি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম তিয়েম্পোকে তিনি বলেন, ‘লিভারপুল এমন এক দল যারা আক্রমণ করবে যখন আপনি রক্ষণ করবেন তখনো। ক্লপের একজন কৌঁসুলি আছে, সেটা ফিরমিনো; সালাহ আর মানের মতো দুটো বুলেটও। এদের নতুনত্ব হচ্ছে, তারা খুব কাছে খেলে আবার মাঠের বিভিন্ন প্রান্তে ছড়িয়েও যায়।’
তার মতে, লিভারপুলের এ বদলে যাওয়ার মূলেও রয়েছে গার্দিওলার ভূমিকা। তিনি বলেন, ‘এটাই প্রমাণ করে বিশ্বফুটবলকে গার্দিওলার চেয়ে বেশি প্রভাবিত করতে পারেনি কেউ। এখন যে কোনো দল মাঠের মাঝামাঝি জায়গাটা খুলে দেয়। উইঙ্গারদের টেনে আনে এবং রক্ষণেই বল ফিরে পাওয়ার জন্যেই মরিয়া হয়ে ওঠে। মাঝমাঠে সংখ্যাগত শ্রেষ্ঠত্ব সৃষ্টি করতে চায়।’
ফুটবলে নতুন পদ্ধতিও নিয়ে এসেছে স্প্যানিশ কোচের দর্শন। ভালদানোর ভাষ্য, ‘এটা বেশ চিত্তাকর্ষক ব্যাপার যে আমরা এখন আর পুরোনো ফুটবলের যুগে নেই। সে সময়ে একটা ভালো দল নেতিবাচকতার কাছে হেরে যেত। এখন আপনি দলগুলোকে বলের জন্যে অপেক্ষা করতে দেখবেন না, সামনের দিকে বল ছুড়ে দিতে দেখবেন না।’
তিনি আরো যোগ করেন, ‘ফলাফলটা ঐশ্বরিক। গার্দিওলা যে ঘরানা সৃষ্টি করেছে তার একটা চাহিদা আছে। এটা কিছু কিছু ক্ষেত্রে ফুটবলের প্রতি মানুষের চাহিদাকেও প্রভাবিত করেছে।’
ভালদানো জানান বদল এসেছে ফুটবলে স্কাউটিংয়ের ক্ষেত্রেও। আগে যেখানে সশরীরে মাঠে হাজির হয়ে খেলোয়াড়দের পরখ করতে হতো, এখন সেটা সম্ভব খেলোয়াড়ের সংখ্যাগত তথ্য-বিশ্লেষণ করেই। তবে এ ক্ষেত্রে কোচদের স্বকীয়তা হারানোর ভয়ও বেশ—অভিমত সাবেক রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার কোচের।