সিটি-চেলসির হার
স্পোর্টস ডেস্ক
অন্তর্বর্তীকালীন কোচ উলে গুনার সোলসারের অধীনে প্রথম ম্যাচেই জয়লাভ করেছে ম্যানচেস্টার ইউনাটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে এ বছর নিজেদের শেষ ম্যাচে তারা ৫-১ গোলে হারিয়েছে সোলসারেরই সাবেক ক্লাব কার্ডিফ সিটিকে। সাবেক কোচ হোসে মরিনহোর অধীনে ধুঁকতে থাকা দলটি নতুন গুরুর ছোঁয়ায় শুধু জয় পাওয়াতেই আটকে থাকেনি, ফিরিয়ে এনেছে অ্যালেক্স ফার্গুসন-যুগের এক স্মৃতিও।
প্রতিযোগিতার অন্য ম্যাচে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করেছে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। শীর্ষ চারে থাকা অন্য দল চেলসিও হেরেছে লেস্টার সিটির কাছে।
কার্ডিফ সিটির মাঠে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় সোলসারের দল। দারুণ ফ্রিকিকে গোলটি আসে মার্কাস র্যাশফোর্ডের পা থেকে এর মিনিট দশেক পর আন্দার হ্যারেরার দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করে ম্যানইউ। মাঝে একটি গোল হজম করলেও বিরতির আগে অ্যান্থনি মার্শিয়াল গোল করলে দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইউনাইটেড।
২০১৩ সালে কোচ আলেক্স ফার্গুসন চলে যাবার পর আরও তিন ম্যানেজারের অধীনে খেলেছেন রেড ডেভিলরা। কিন্তু এ সময় ম্যাচে পাঁচ গোল করা ভুলেই গিয়েছিল দলটি। দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার জেসে লিংগার্ড জোড়া গোল করলে পাঁচ মৌসুমেরও কিছু বেশি সময় পরে ম্যাচে পাঁচ গোলের দেখা পায় ইউনাইটেড।
দায়িত্ব পাওয়ার পর সোলসার জানিয়েছিলেন খেলোয়াড়দেরকে তাদের ফুটবল উপভোগ করায় সাহায্য করতে চান তিনি। এদিন খেলোয়াড়রা উপভোগ করলো তাদের খেলা, ফলও মিললো হাতেনাতে! ম্যাচ শেষে সোলসারের কণ্ঠে ঝরে পড়লো খেলোয়াড়দের প্রশংসাই।
বিটি স্পোর্টসকে ম্যানইউর অন্তর্বর্তীকালীন কোচ বলেন, ‘আপনার কাছে যদি ভালো খেলোয়াড় থাকে তবে ফুটবলটা সহজ হয়ে যায়। আর তারা বেশ ভালো খেলোয়াড়ও। তাদের মান অবিশ্বাস্য!’ তিনি জানান, সাজঘরের পরিবেশ দারুণ, প্রত্যেক খেলোয়াড় দলের জন্য নিজের সেরাটা দিতে মরিয়া। সোলসার বিটি স্পোর্টসকে আরও জানান, এই জয়ের পেছনে সাবেক সতীর্থ ওয়েইন রুনির ক্ষুদেবার্তাও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
ম্যানইউ কোচের ভাষায়, ‘আমি এখানে এসেছি বৃহস্পতিবার রাতে এবং আমি মনেকরি সম্ভবত সব ক্ষুদেবার্তা এবং ওয়াজ্জার (রুনি) পরামর্শ আজ আমাকে সাহায্য করেছে। সে শুধু আমাকে বলেছিল তাদেরকে ফুটবল উপভোগে সাহায্য করতে, মুচকি হেসে সামনে তাকাতে এবং ম্যানচেস্টার ইউনাইটেড। আমি খেলোয়াড়দেরকে এটাই বলেছিলাম কেননা বেশ কঠিন এক সপ্তাহই পার করেছে তারা। তারা এতে দারুণভাবে সাড়া দিয়েছে।’
এদিকে বড়দিনের আগে বড়সড় এক ধাক্কা খেয়েছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে ৩-২ গোলে হেরে ফিরেছে পেপ গার্দিওলার দল। আগের রাতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুল উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে চারে নিয়ে গিয়েছিল। ক্রিস্টাল প্যালেসের কাছে এই হার পয়েন্ট ব্যবধান কমাতে দেয়নি সিটিকে। এর ফলে নতুন বছরের আগে শীর্ষস্থান ফিরে পাওয়ার সম্ভাবনাও শেষ হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নদের।
দিনের আরেক ম্যাচে হারের কবলে পড়েছে শীর্ষ চারের অন্য দল চেলসিও। জেমি ভার্ডির একমাত্র গোলে লেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছে কোচ মাউরিজিও সারির দল।