কটিয়াদীতে ২০০ শিক্ষার্থীকে বই উপহার

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

‘একটি গ্রাম, একটি গ্রন্থাগার’ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘দীপশিখা’ গ্রন্থাগার আন্দোলনের বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। পাঠ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ, কটিয়াদী সরকারি কলেজে শিক্ষার্থীদের মধ্যে বই পড়া প্রতিযোগিতা, আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সিসান এন্টারপ্রাইজ ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যতিক্রমী ‘হাজি হাসেম রেহেনা স্মৃতি গ্রন্থাগার’ উদ্বোধন করা হয়। এ দিন ২০০ জন শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়। এতে ‘দীপশিখা’ গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।