চুরি যাওয়া ৩৩০ কার্টন সুতা জব্দ গ্রেফতার ৮

চট্টগ্রাম অফিস

নগরীর ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া ৩০ লাখ টাকা মূল্যের ৩৩০ কার্টন কাভার্ড ভ্যানভর্তি সুতা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এছাড়া আট জনকে গ্রেফতার করা হয়। সুতাগুলো কয়েক দিনের অভিযানে চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকালে লালদীঘি নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ উদ্ধার অভিযানের কথা জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো আমজাদ হোসেন (২১), আবছার উদ্দিন প্রকাশ রাব্বি (১৯), মামুন মিয়া (২৬), নাজমুল হক (৩৪), ইলিয়াছ (৪০), আফজাল হোসেন (২৬), কবির হোসেন (৩০) ও হোসাইন আল মাকসুদ (৩৬)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ জানান, আটককৃতদের দেওয়া তথ্যে চুরি হওয়া এ সব সুতা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ ফেব্রুয়ারি ইপিজেড এলাকা থেকে গাজীপুর নেওয়ার পথে চুরি হয় এসব সুতা। পরে ৭ ফেব্রুয়ারি ইপিজেড থানায় মামলা দায়ের করেন এসব সুতার মালিক।