৯৯৯-এ ফোন
নাটোর প্রতিনিধি
৯৯৯-এর মাধ্যমে ফোন পেয়ে লুট হওয়া ১৮ গরুসহ চার জনকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশ। এ সময় লুটের কাজে ব্যবহূত দুটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
তিনি জানান, গত ২৮ জানুয়ারি যশোরগামী গরু বোঝাই একটি ট্রাককে নাটোর-পাবনা মহাসড়কের ময়মনসিংহ গোরস্থান এলাকায় অপর একটি ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একদল ডাকাত। তারা দুই গরু ব্যবসায়ীকে মারপিট করে ২৪ গরু ভর্তি ট্রাক লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীরা ৯৯৯-এর মাধ্যমে ফোনে পুলিশকে জানালে নাটোর জেলা পুলিশ বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করে। তাদের তথ্যানুযায়ী সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে লুট হওয়া ২৪টি গরুর মধ্যে ১৮টি গরু এবং ডাকাতি কাজে ব্যবহূত দুটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা সিরাজগঞ্জের শাহজাদপুর থানার জামাল হোসেন, হাসেম আলী ও কাউছার আলী শেখ এবং মো. মানিক।
প্রেস ব্রিফিংয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, এএসপি (প্রবি) ফাতেমা তুজ জোহরা, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।