দুদকের বাছিরের জামিন প্রশ্নে রুল জারি

ঘুষ লেনদেনের মামলা

ইত্তেফাক রিপোর্ট

ঘুষ লেনদেনের মামলায় দুদকের সাময়িক বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে কেন জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী, দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

পুলিশের ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলা করা হয়। এই মামলায় ঘুষদাতা বরখাস্তকৃত ডিআইজি মিজান ও গ্রহীতা এনামুল বাছিরকে আসামি করা হয়। অবৈধ সম্পদ অর্জনের মামলার অনুসন্ধান থেকে মুক্তি পেতেই বাছিরকে ঐ টাকা ঘুষ দিয়েছিলেন মিজান। গত ৫ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত বাছিরের জামিন আবেদন খারিজ করে দেয়। ঐ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে জামিন চান তিনি।