ফ্রি গেম খেলা ও পরীক্ষায় এ প্লাস পাইয়ে দেওয়ার নামে প্রতারণা

গ্রেফতার দুই

বিশেষ প্রতিনিধি

ফেসবুকে ভুয়া আইডি খুলে ফ্রি গেম খেলা ও পরীক্ষায় এ প্লাস পাওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই জন গ্রেফতার হয়েছে। ঢাকার সাইবার পুলিশ সেন্টারের মনিটরিং সেল তাদের রাজধানীর মোহাম্মদপুর ও কুমিল্লা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—মেহেদী হাসান ফরহাদ ও আমির হামজা। সিআইডি পুলিশ তাদের গতকাল রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের মনিটরিং টিমের সহকারী পুলিশ সুপার মোমেনা আকতার। তিনি বলেন, আসামি মেহেদী হাসান ফরহাদকে ফেসবুকে ভুয়া আইডি খুলে এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ের বোর্ডের প্রশ্নের কপি, রেজাল্ট পরিবর্তন করে এ+, গোল্ডেন প্লাস পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে বিকাশ ও রকেট নম্বর দিয়ে টাকা হাতিয়ে নিত। ইমরান হোসেন নামের একটি আইডি থেকে গ্রুপে পোস্ট করে প্রতারণা করত সে।

সিআইডির এ কর্মকর্তা বলেন, নিজস্ব প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে মনিটরিং টিম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহারকারীকে চিহ্নিত করে অভিযান চালিয়ে মেহেদী হাসান ফরহাদকে গত ৬ ফেব্রয়ারি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পল্টন থানায় নিয়মিত মামলা করা হয়েছে। অপরদিকে আসামি আমির হামজাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। সে মি. টপ আপ বিডি নামে একটি ফেক ফেসবুক পেজ খুলে অনলাইন গেমসের ওয়েব মানি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিত।

সিআইডির এ কর্মকর্তা বলেন, অনলাইন ফ্রি গেম খেলা বা প্রতারণার সঙ্গে যারা জড়িত সিআইডির সাইবার মনিটরিং টিম তাদের কর্মকাণ্ড প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে। যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের ভবিষ্যতে আইনের আওতায় আনা হবে।