১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

সাগর-রুনী হত্যা তদন্তে কমিশন গঠনের দাবি

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচারের দাবিতে আগামী ১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সে সময় ডিআরইউর সদস্যদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপিও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রদান করা হবে। এছাড়া এই হত্যার ঘটনা তদন্ত করতে সরকারকে জুডিশিয়াল কমিশন গঠন করারও দাবি জানিয়েছেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ এসব দাবি জানান।

সকাল ১১টায় ডিআরইউ চত্বরে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। বিক্ষোভ সমাবেশ চলাকালে সাগর সরওয়ারের মা মোবাইলের মাধ্যমে অডিও কলে বক্তব্য রাখেন। তিনি তার ছেলে ও ছেলের স্ত্রীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনীকে হত্যা করা হয়। অত্যন্ত পরিতাপের বিষয় হত্যাকাণ্ডের পর আট বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের আজও শনাক্ত কিংবা গ্রেফতার করা হয়নি। বিচার প্রক্রিয়াও থমকে আছে। অবিলম্বে চাঞ্চল্যকর এই মামলার খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।

সমাবেশে অন্যান্যের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের একাংশের মহাসচিব শাবান মাহমুদ, অন্য অংশের মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও শাহেদ চৌধুরী, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, অন্য অংশের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ডিআরইউর সহসভাপতি নজরুল কবীর প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মামলাটি বর্তমানে র্যাব তদন্ত করছে। তারা আদালতে প্রতিবেদন জমা দিতে এ পর্যন্ত ৭১ বার সময় নিয়েছে।