সড়ক দুর্ঘটনায় নিহত ১০

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। সোমবার ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

স্বরূপকাঠি (পিরোজপুর) : স্বরূপকাঠিতে ইজিবাইক চাপায় রিমঝিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের কামারকাঠির বড়ো মোল্লাবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে কামারকাঠি গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে।

শেরপুর : শেরপুরে অজ্ঞাত মাইক্রোবাস চাপায় এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, তারাকান্দী শিমুলতলীর মৃত গফুর শেখের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি জাফর শেখ ও একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী খুকি। গতকাল সদর উপজেলার তারাকান্দী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : দোহার উপজেলার কার্তিকপুরে গতকাল অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী নাঈম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নাঈম উপজেলার শিলাকোঠা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বাগমারা (রাজশাহী) : বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের শিবজাইট বাজারে সোমবার খড় বোঝাই গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ফিরোজ আহম্মেদ (৪৫) নিহত হয়েছেন। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামের।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামের মানইর গ্রামে গতকাল ইট বোঝাই ট্রাক্টর চাপায় মোয়াজ্জেম হোসেন (১৬) নামে এক হেলপার নিহত হয়েছে। মোয়াজ্জেম মাইনর গ্রামের শফিকুল ইসলাম ওরফে সবাজ উদ্দিনের ছেলে।

ভূঞাপুর (টাঙ্গাইল) : ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বাসচাপায় আনছার হক (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আনছার কালিহাতী উপজেলার দেউপুর চকপাড়া গ্রামের।

তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডে গতকাল হানিফ পরিবহনের একটি বাসচাপায় শেখ আব্দুস সাত্তার (৪৮) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার রাঢ়ীপাড়া গ্রামের।

রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার কল্যানপুর নতুন রাস্তা এলাকায় গতকাল রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. আফজাল উদ্দিন শেখ (৮২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আফজাল আলীপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের।

উখিয়া (কক্সবাজার) : উখিয়ার কোর্টবাজারে গতকাল ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী আব্দুল হাকিম (প্রকাশ হাকিম) নিহত হয়েছেন। তিনি উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের।

গাংনী (মেহেরপুর) : গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের জোড়পুকুরিয়া-ভোমরদহ সড়কে গতকাল দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন জন আহত হয়েছেন। আহতরা হলো, জোড়পুকুরিয়া গ্রামের রাজু আহম্মেদ, এসএসসি পরীক্ষার্থী রাজ ও ফিরোজ আহমেদ।