চ্যাম্পিয়নদের বরণের অপেক্ষায় বিসিবি

সকাল থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের ভিড়। স্টেডিয়ামের সাজসজ্জার কাজ তখন থেকেই শুরু। ঝাড়বাতি লাগানো হয়েছে। বড়ো পোস্টার ঝুলানো হচ্ছে। সুবিশাল সেই পোস্টারে বিশ্বকাপ জয়ী যুব দলের ক্রিকেটারদের ছবি শোভা পাচ্ছে। পচেফস্ট্রমে শরীফুল-রাকিবুলদের ট্রফি উদ্যাপনের ছবি সংবলিত পোস্টার। বিসিবিতে এমন অলঙ্করণের তোড়জোরের কারণ সবারই জানা। আজ বিকালে দেশে ফিরছে বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিকাল ৫টায় ঢাকায় পৌঁছাবে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন আকবর আলীর দল। বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর স্টেডিয়ামে আসবেন টাইগার জুনিয়ররা।

চ্যাম্পিয়নদের বরণের অপেক্ষায় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি। গতকাল বিসিবিতে ঝোলানো সবচেয়ে বড়ো পোস্টারটা অবশ্য সবার দৃষ্টি কেড়েছে। প্রশ্নের উদ্রেক করেছে সবার মনে। কারণ ওই পোস্টারে ছিল না বাংলাদেশের বিশ্বকাপ জয়ের নায়ক আকবর আলীর ছবি! শুধু দলের অধিনায়কই নন, ফাইনালের ম্যাচ সেরাও তিনি। অথচ এত বড়ো পোস্টারে ঠাঁই নেই ‘আকবর দ্য গ্রেটের’!

পরে পাশাপাশি আরো দুটি ছোটো লম্বাটে পোস্টার ঝুলানো হয় স্টেডিয়ামে। সেখানে অবশ্য আকবরকে খুঁজে পাওয়া গেছে। ফাইনালে সে াতের বিপরীতে অসীম সাহসিকতা, ধৈর্য্য নিয়ে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেছেন আকবর। প্রবল চাপের মুখেও ধীর-স্থির এই ব্যাটসম্যানই বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে গেছেন।

বিশ্বকাপ জেতার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছে যুব দল। আজ বিমানবন্দরে ক্রিকেটপ্রেমীদের ঢল নামলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিমানবন্দরে বিসিবিরই  কিছু আনুষ্ঠানিকতা থাকবে। আকবরদের পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হবে। তারপর গোটা দল চলে আসবে মিরপুর স্টেডিয়ামে। এখানে কিছু আয়োজন রেখেছে বিসিবি।