নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সেনা প্রধানের সাক্ষাত্

নেপাল সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি ও প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা অলির সঙ্গে সাক্ষাত্ করেছেন। সোমবার তিনি এসব সৌজন্য সাক্ষাতে মিলিত হন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সাক্ষাত্কালে সেনাবাহিনী প্রধান তাদের সঙ্গে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এছাড়া, সেনাবাহিনী প্রধান নেপাল সেনাবাহিনীর বীরেন্দ্র পিস অপারেশন ট্রেনিং সেন্টার (বিপিওটিসি) পরিদর্শন করেন। তিনি মঙ্গলবার নেপাল সেনাবাহিনীর একটি ইউনিট পরিদর্শন করেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান গতকাল মঙ্গলবার দেশে ফিরে এসেছেন। —আইএসপিআর