দেশের সকল মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবালয়ের সভাকক্ষে আয়োজিত ‘মন্ত্রণালয়ের প্রজেক্ট রিভিউ সংক্রান্ত সভায়’ তিনি এ কথা বলেন। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদিত হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পটির কাজ ২০২২ সালের মধ্যেই সম্পন্ন হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কিডনি রোগ চিকিত্সা করা নিয়ে দেশের সাধারণ মানুষের সমস্যা অনেকাংশেই দূর হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশে বর্তমানে ১ কোটি ৯০ লক্ষের মতো মানুষ কিডনি রোগে ভুগছে। প্রতিবছর ১৭ দশমিক ৩ শতাংশ হারে মানুষ ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। প্রকল্পটির মাধ্যমে দেশের হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপিত হলে একদিকে যেমন ঢাকায় চিকিত্সার চাপ কমে যাবে, অন্যদিকে দেশের সাধারণ মানুষের কিডনি রোগ চিকিত্সার বড়ো ধরনের অগ্রগতি আসবে।
উল্লেখ্য, দেশে বর্তমানে প্রয়োজনের তুলনায় মাত্র ২০ ভাগ রোগীর কিডনি ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে। কিডনি বিশেষজ্ঞদের মতে, প্রায় ৪০ হাজার রোগীর বর্তমানে সাপ্তাহিক ডায়ালাইসিস প্রয়োজন রয়েছে। এর মধ্যে সরকারি-বেসরকারি মিলে মাত্র ৬ হাজার মানুষের ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার, হাসপাতাল অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনাসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিভিন্ন হাসপাতাল ও প্রকল্পসমূহের পরিচালকরা।