পদ্মা সেতুর ২৪তম স্প্যান (সুপার স্ট্রাকচার) বসেছে গতকাল। এতে পদ্মা সেতু দৃশ্যমান হলো ৩৬০০ মিটার। ‘৫-এফ’ নম্বর স্প্যানটি সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নম্বর খুঁটির ওপর বসানো হয় মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে। ২৩তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২৪ তমটি বসানো হলো। এতে সেতুর ৩৬০০ মিটার দৃশ্যমান হলো।
এর আগে মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে অস্থায়ীভাবে সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসানো স্প্যানটি এখানে নিয়ে আসা হয়।
সেতু বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করে বলেন, পদ্মা সেতু আরেক ধাপ এগিয়ে গেল। ৬.১৫ কিলোমিটার সেতুর এখন স্প্যান বসানো বাকি থাকল মাত্র ১৭টি।
তিনি জানান, ৪২টি পিলারের মধ্যে ৩৭টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। বাকি পাঁচটি পিলারের কাজও চলছে পুরোদমে। শিগগিরই পিয়ার-২৬ এর সাতটি পাইলে রিবার ইন্সটল ও কংক্রিটিং করা হবে। পিয়ার-৮, ১০ এবং ১১ এর কাজ শেষ পর্যায়ে। আগামী এপ্রিলের মধ্যে সব খুঁটির কাজই সম্পন্ন হবে। ৪১টির মধ্যে বাকি ১৭টি স্প্যান আগামী জুলাইয়ের মধ্যে বসানোর কথা। চীন থেকে এ পর্যন্ত ৩৭টি স্প্যান মাওয়ায় এসে পৌঁছেছে। বাকি ৪টি স্প্যান শিগগিরই চলে আসবে।