g আহসান জোবায়ের
বছরে একবার বসে চলচ্চিত্রের মেলা। এটিকে সিনেমাপ্রেমীদের আসরও বলা যায়। উত্সব চলাকালে ঢাকাই ইন্ডাস্ট্রির পরিচালক, অভিনয়শিল্পীসহ বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস। শেষদিনে ক্যাম্পাসে এসেছিলেন ন ডরাই চলচ্চিত্রের দুই অভিনয়শিল্পী সুনেরাহ বিনতে কামাল ও শরীফুল রাজ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র সংসদ আয়োজনে ৩ দিনব্যাপী ‘আমাদের সিনেমা’ শীর্ষক চলচ্চিত্র উত্সব শেষ হয়েছে। উত্সবের শেষদিনে ‘How to be done an Indie Film: Director's Statement’, শীর্ষক সেমিনার ও চলচ্চিত্রে নারী বিষয়ক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অভিনেত্রী বন্যা মির্জা ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। আলোচনা পর্বে বক্তারা বাংলা চলচ্চিত্রে নারীদের ভূমিকা নিয়ে কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক ফাতেমা আমিন।
৩ দিনব্যাপী এই উত্সবে দেশীয় চলচ্চিত্রের প্রচার ও প্রসারের লক্ষ্যে সিনেমা প্রদর্শনীর আয়োজন করা হয়। উত্সবে বিগত বছরের দর্শক সমাদৃত ও আলোচিত ৭টি চলচ্চিত্র এবং চলচ্চিত্রে নারী শীর্ষক বিশেষ প্রদর্শনী প্রদর্শিত হয়। এই উত্সবে আলফা, হূদয়ের রংধনু, ফাগুন হাওয়ায়, আন্ডার কনস্ট্রাকশন, আহত ফুলের গল্প, ইতি তোমারই ঢাকা ও ন ডরাই সিনেমা প্রদর্শিত হয়।
উত্সবের শেষে প্রদর্শিত চলচ্চিত্রের নির্মাতাদের এবং আলোচনা পর্বে বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি মো. মেহেদী হাসান রাব্বির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির অর্পণের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন আহমেদ ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম।