কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী আয়রন ব্রিজ ভেঙে একটি মালবাহী টমটম সাপুড়ে খালে পড়ে গেছে। এ ঘটনায় আনেচ প্যাদা (৪০) নামে এক দিনমজুর নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এ সময় চার জন আহত হন। তাদের মধ্যে টমটমচালক শাহীন হাওলাদারকে উন্নত চিকিত্সার জন্য প্রথমে বরিশাল শেবাচিমে এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে। নিখোঁজ আনেচ ঐ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের মজিবুর প্যাদার ছেলে। বরিশাল নদী ফায়ার স্টেশনের টিম লিডার মো. গিয়াস উদ্দিন জানায়, সকাল পৌনে নয়টা থেকে দফায় দফায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ চলছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তি ভেঙেপড়া ব্রিজের পাটাতনের নিচে চাপা পড়ে আছে। পাটাতন অপসারণ করা হলে আবারও চেষ্টা চালিয়ে দেখা যাবে।
ডুবুরি মোগালাম রওশন জানায়, যদি নিখোঁজ ব্যক্তি ব্রিজের নিচে থাকে তবে উদ্ধার সম্ভব হবে তা না হলে স্রোতের সঙ্গে অন্য কোথাও ভেসে যেতে পারে। এ ঘটনায় বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মেদ এবং ওসি মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।