এসএসসি পরীক্ষা

ক্যালকুলেটর ব্যবহারে বাধা দেওয়ায় শিবচরে দুই কেন্দ্রে বিক্ষোভ ও ভাঙচুর

এসএসসি গণিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ার প্রতিবাদে শিবচরে দুই কেন্দ্রে বুধবার বিক্ষোভ ও ভাঙচুর করেছে পরীক্ষার্থীরা। এ সময় প্রায় ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানান, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম থাকলেও তা ব্যবহার করতে দেওয়া হয়নি। এতে তাদের গণিত পরীক্ষা খারাপ হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার অনুষ্ঠিত এসএসসি গণিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ার প্রতিবাদে গতকাল বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা প্রথমে শিবচর নন্দ কুমার মডেল ইনস্টিটিউশন ভেন্যুতে বিক্ষোভ ও ভাঙচুর করে। এ খবর দ্রুত শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে পৌঁছালে সেখানেও ভাঙচুর করে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার নন্দকুমার ইনস্টিটিউশনের ভেন্যুতে ক্যালকুলেটর নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। এরপর প্রতিবাদে বুধবার প্রথম নন্দকুমার ভেন্যুতে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা বিক্ষোভ ও ভাঙচুর চালায়। পরে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা শেখ ফজিলাতুন্নেছা বালিকা বিদ্যালয় ভেন্যুতেও ভাঙচুর চালায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার এসএসসি-২০২০ সাধারণ গণিত পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে প্রবেশের বাধা দেওয়া হয়। গণিত পরীক্ষা বিঘ্নিত হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করে। ঐ ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থীরা বুধবার আইসিটি পরীক্ষা শেষে উত্তেজিত হয়ে এসএসসি পরীক্ষার দুই ভেন্যুতে ভাঙচুর করে।

মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শিবচর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেয়রসহ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের নিয়ে সমাধানের চেষ্টা চলছে।