বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর বাগমারা থেকে সেলিম রেজা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মরুগ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ঐ উপজেলার ঝিকরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও মরুগ্রামের মেহের আলীর ছেলে। ঐ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এর আগে গত ৪ ফেব্রুয়ারি কাঁঠালবাড়ি গ্রামের ফারহানা নামে আরো এক এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার গণিত পরীক্ষায় ভালো করতে না পেরে সে বাড়িতে ফিরে আসে। রাতের খাবার খেয়ে নিজঘরে শুয়ে পড়ে। ভোরে দরজা ভেঙে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরিবার ও এলাকার লোকজনের অভিযোগ না থাকায় পুলিশ সেলিম রেজার লাশটি দাফনের অনুমতি দেন। এ ব্যাপারে বাগমারা থানার ওসি আতাউর রহমান দুইটি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।