পরিমাপে কারচুপি থামছে না পেট্রোল পাম্পের

বিএসটিআইয়ের অভিযানে গতকালও ধরা পড়ল তিন প্রতিষ্ঠানের কারচুপি

ইত্তেফাক রিপোর্ট

ওজন ও পরিমাপে কারচুপি রোধে সম্প্রতি বেশ কিছু অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব অভিযানে জরিমানার পাশাপাশি মামলাও করা হয়েছে। তা সত্ত্বেও এই অনিয়ম থামছে না। সর্বশেষ গতকাল বুধবার ঢাকা মহানগরীর বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত ওজন ও পরিমাপে কারচুপি উদ্ঘাটন করেছে। এ অপরাধে তিনটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা ও ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে। ঢাকা মহানগরের যাত্রাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মেসার্স ক্যাব এক্সপ্রেস সিএনজি ফিলিং স্টেশন, নাজ ফিলিং স্টেশন ও স্পিড বার্ড সিএনজি ফিলিং স্টেশন।