স্পোর্টস ডেস্ক
স্প্যানিশ ফুটবল এখনো এরিক আবিদাল ও লিওনেল মেসির মধ্যকার দ্বন্দ্বের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি। এরই মাঝে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদেও ভাঙনের সুরের গুঞ্জন উঠেছে।
আর এর সূত্রপাত হয়েছে ক্লাবের ব্রাজিলিয়ান তারকা মার্সেলো ও কোচ জিদানের মধ্যকার টানাপড়েনকে কেন্দ্র করে। রিয়াল মাদ্রিদ কিংবদন্তি মার্সেলো চলতি মৌসুমের বড়ো একটা সময় ইনজুরির কারণে লা লিগায় খেলতে পেরেছেন মোটে সাত ম্যাচ।
এর মধ্যে ফরাসি ফুলব্যাক ফারল্যান্ড মেন্ডি জ্বলে ওঠায় মার্সেলোর অভাবটা একেবারেই টের পায়নি জিদানের শিবির। তাই, গেল মাসে ফিটনেস ফিরে পেলেও আর দলে নিয়মিত জায়গা হচ্ছে না মার্সেলোর। এই পরিস্থিতিতে মার্সেলো কোচ জিদানের ওপর যারপরনাই বিরক্ত বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
যদিও, পরিসংখ্যান মোটেও ৩১ বছর বয়সি মার্সেলোর পক্ষে নয়। ফরাসী ক্লাব লিঁও থেকে ৪৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর মুগ্ধ করে চলেছেন মেন্ডি। তিনি, দলের হয়ে যে ২০টা ম্যাচ খেলেছেন, তাতে রিয়াল মাদ্রিদ হজম করেছেন মাত্র ১১ গোল। অন্যদিকে, মার্সেলো থাকা অবস্থায় শেষ ১৫ ম্যাচে ১৬টি গোল হজম করেছে রিয়াল।
মেন্ডির প্রতি কোচ জিদান কেন বাড়তি পক্ষপাতিত্ব দেখাচ্ছেন সেটা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট। তবে, সেসব মানতে নারাজ মার্সেলো। তিনি ড্রেসিংরুমে তেমন সম্মান আশা করেন যেটা ক্লাবের বর্তমান দলের প্রাণভ্রমরা লুকা মড্রিচ বা করিম বেনজেমা পেয়ে থাকেন। আর তিনি মনে করেন, সেটা সম্ভব হবে যদি তাকে কোচ জিদান দলে ফেরান।
বার্নাব্যুতে মার্সেলোর চুক্তির মেয়াদ শেষ হতে আরো ২৮ মাস বাকি। তবে, এর মধ্যেই ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) তার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। ইতালি ও ইংল্যান্ড থেকেও প্রস্তাব আসছে। এই অবস্থায় ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে মার্সেলো ক্লাব বদলালেও অবাক হওয়ার কিছু নেই।
সর্বশেষ কোপা দেল রের ম্যাচে ছিলেন মার্সেলো। সেখানে রিয়াল সোসিয়েদাদের মতো দলের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে রিয়াল। সেই ম্যাচের পারফরম্যান্সে মার্সেলো যথেষ্ট সমালোচিত হন।
সেই ম্যাচ শেষে জিদানের বক্তব্যে অবশ্য দুজনের মধ্যে দ্বন্দ্বের কোনো আভাস পাওয়া যায়নি। জিদান বলেছিলেন, ‘ও মাঠে থাকলে নিজের শতভাগ দিয়েই খেলে। কিন্তু, আমরা হেরে গেছি। এখন তাই কেউ কেউ ছুড়ি বের করতেও প্রস্তুত। ম্যাচ হারলে সব কিছু নিয়েই কাটাছেঁড়া হবে। ও (মার্সেলো) আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অন্তত, এই মৌসুমের শেষ পর্যন্ত ওকে আমরা গুরুত্বের সঙ্গেই বিবেচনায় রাখব।’