স্টাফ রিপোর্টার রংপুর
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের বিশ্বজয়ী অধিনায়ক আকবর আলীকে গণসংবর্ধনা দেবে রংপুর সিটি করপোরেশন। রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও সংশ্লিষ্ট ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সেকেন্দার আলী ইত্তেফাককে এ তথ্য জানান।
আজ বৃহস্পতিবার তার নিজ গ্রাম জুম্মাপাড়ায় গণসংবর্ধনা দেওয়া হবে। তাকে বরণ করার জন্য সৈয়দপুর বিমান বন্দর থেকে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। জুনিয়র টাইগার অধিনায়ক আকবর আলী রংপুরে আসলে তাকে বীরোচিত সংবর্ধনা প্রদান করা হবে। নগরভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিটি মেয়র বলেন, বাংলাদেশের বিশ্বকাপ জয় এটা বলতেই আকবর নামটা চলে আসছে। আকবর শুধু রংপুরের গর্ব নয় সারাদেশের গর্ব। রংপুরের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা তাকে সংবর্ধিত করব।