আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নৌকায় ভোট দিয়ে মানুষ শান্তি ও স্বস্তিতে আছে। আগামী নির্বাচনেও এ দেশের মানুষ উন্নয়ন ও শান্তির জন্য নৌকায় ভোট দিবে। সারা দেশে নৌকার গণজোয়ার দেখে ওরা (বিএনপি) স্তম্ভিত হয়েছে। জনগণের কাছে ভোট চাইতে সাহস পাচ্ছে না। অথচ মিথ্যা অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করার পাঁয়তারা করছে।
গতকাল রবিবার কাজীপুরে চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী দুর্গম চরের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন। নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বছরের শাসনামলে এই দুর্গমচরের অধিবাসীদের জীবনমানের অনেক উন্নয়ন হয়েছে। নির্মিত হয়েছে পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবার ইট পাথরের অনেক সরকারি স্থাপনাও। এই চরে এখন ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করে, সোলার ও বিদ্যুতের বাতি জ্বলে, মূল ভূ-খন্ডের সাথে পাল্লা দিয়ে চরের মানুষও এগিয়ে চলেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নেতারা বলেছিল তারা এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। আমরা বলেছিলাম শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন হবে। তারা নাকে খত দিয়ে নির্বাচনী মাঠে খেলতে এসেছেন। সেটা ভালো কথা।