১০ হাজার প্রতিবন্ধীর কর্মসংস্থানের টার্গেট

মুজিববর্ষ উপলক্ষ্যে নানা কর্মসূচি এনজিও ব্যুরোর

ইত্তেফাক রিপোর্ট

এনজিও সেক্টর থেকে মুজিববর্ষ উপলক্ষ্যে ১০ হাজার প্রতিবন্ধীর চাকরির সুযোগ তৈরির টার্গেট নিয়েছে এনজিও ব্যুরো। একই সঙ্গে ১০০ জন সাইন ল্যাগুয়েজ বা প্রতীকী ভাষার ওপর প্রশিক্ষণ প্রদানের জন্য সিদ্ধান্ত হয়। প্রত্যেক এনজিও অফিসে প্রতিবন্ধী বান্ধব টয়লেট ও অন্যান্য সুবিধা নিশ্চিত করাতে এবং প্রতিটি এনজিও যাদের নিজস্ব অফিস আছে, তাদের অফিসের সামনে মুজিববর্ষের লোগো ব্যবহারকৃত ব্যানার লাগানোর জন্য অনুরোধ করা হয়।

গতকাল বুধবার এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের সভাকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এনজিওদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে এনজিও ব্যুরো।

সভাপতির বক্তব্যে এনজিও ব্যুরোর মহাপরিচালক কে. এম. আব্দুস সালাম (অতিরিক্ত সচিব) বলেন, মুজিববর্ষে বিভিন্ন সংগঠন নানামুখী কর্মপরিকল্পনা তৈরি করছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মুজিববর্ষ উদ্যাপন করবেন। আমরা সকল এনজিও নিয়ে অন্যান্য কর্মসূচির পাশাপাশি সমাজের একটা বড়ো অংশ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কিছু করতে পারি কি না, তা দেখছি। বিশেষ করে প্রতিবন্ধী ও অটিজম সম্পন্ন মানুষের দক্ষতার বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ তৈরি করা।

বক্তারা বলেন, কমিউনিটি রেডিওগুলো বিভিন্ন অনুষ্ঠানের আগে ও পরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বিষয়ক নাটিকা, টকশো, ম্যাগাজিন অনুষ্ঠান ও পিএসএ প্রচার করা এবং বিএনএনআরসি’র মাধ্যমে তা এনজিও বিষয়ক ব্যুরোকে অবহিত করার বিষয়টি মুজিববর্ষে থাকবে। সভায় উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করেন এমন এনজিওদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভায় এনজিও ব্যুরোর নিবন্ধিত দেশি-বিদেশি প্রায় ৫০টি এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অন্যদের মধ্যে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক ও অ্যাসাইনমেন্ট অফিসাররা উপস্থিত ছিলেন।