ডা. তানজিয়া নাহার তিনা
আমাদের মুখমণ্ডলের হাড়ের ভেতর কিছু ফাঁপা জায়গা আছে যা সাইনাস বলে পরিচিত। কোনো কারণে যদি সাইনাসসমূহের মধ্যে ঘা বা প্রদাহ হয় তাকে আমরা সাইনোসাইটিস বলে থাকি। সাধারণত ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন, অ্যালার্জি, দাঁত, চোখ ও নাকের সমস্যা ইত্যাদি থেকে সাইনোসাইটিস হতে পারে। এছাড়া দীর্ঘদিন সর্দির সমস্যা থাকলেও সাইনোসাইটিস হতে পারে। সাইনোসাইটিসের উপসর্গগুলোর মধ্যে প্রধান হলো তীব্র মাথাব্যথা। মাথাব্যথা সাধারণত দিনের প্রথম ও শেষভাগে তীব্র থাকে। মাথাব্যথার পাশাপাশি নাক বন্ধ, দীর্ঘদিন সর্দি, জ্বর জ্বর ভাব ইত্যাদি উপসর্গগুলো দেখা যায়।
সাইনোসাইটিসের চিকিত্সায় বিশেষজ্ঞগণ সাধারণত অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন ও ন্যাসাল ড্রপ ইত্যাদি ব্যবহার করে থাকেন। তবে কিছু ক্ষেত্রে কিছু সার্জারির প্রয়োজন হতে পারে। এছাড়া সাইনোসাইটিস থেকে বাঁচতে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। যেমন : ধুলাবালি থেকে বেঁচে থাকা, স্যাঁতসেঁতে পরিবেশে না থাকা, মাস্ক পরিধান করা ইত্যাদি। সাইনোসাইটিস থেকে বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে। যেমন : মেনিনজাইটিস, অরবিটাল সেলুলাইটিস, মাথা ও চোখের ভেতরে এবসেস, কেভারনাস সাইনাস থ্রম্বোসিস ইত্যাদি। তাই অবহেলা না করে সাইনোসাইটিসের সমস্যার যথাযথ চিকিত্সা গ্রহণ করা উচিত।
লেখক : ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ