নাজিরপুরে আওয়ামী লীগ নেতাকে রাজাকারপুত্র আখ্যায়িত করে মানববন্ধন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টিপু সুলতান শেখকে রাজাকার পুত্র আখ্যায়িত করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। গতকাল বুধবার উপজেলা প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপজেলা সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের সম্মেলন বাস্তবায়ন কমিটিতে চিহ্নিত রাজাকার ও যুদ্ধকালীন মালিখালী ইউনিয়ন পিস কমিটির সহসভাপতি মো. আব্দুল হাই শেখের পুত্র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান শেখকে রাখা হয়েছে। এতে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে বলে তিনি মনে করেন। তাই রাজাকার পুত্র টিপু সুলতানকে দলীয় সকল স্তরের কমিটি থেকে বাদ দেওয়াসহ সম্মেলন বাস্তবায়ন কমিটি থেকে নাম প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর মিজানুর রহমান লিটন, উপজেলা যুবলীগ সহসভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান মো. ফারুক হাওলাদার প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা, তাদের সন্তানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এদিকে আওয়ামী লীগ নেতা টিপু সুলতান শেখ নিজেকে আওয়ামী লীগ পরিবারের সদস্য দাবি করে বলেন, দলীয় কোন্দলের জের ধরে আমার বিরুদ্ধে এ মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০১০ সালে নাজিরপুর উপজেলার পেনাখালী ও টুঙ্গিপাড়ার মধুখালী গ্রামে দুই জন গ্রামবাসীকে হত্যা ও ৯৮টি ঘরে অগ্নিসংযোগের অভিযোগে টিপু সুলতানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।