ফিটনেসবিহীন যানবাহন সড়কে নয় :হাইকোর্ট

নবায়ন হয়েছে ১ লাখ ৬৫ হাজার গাড়ি

ফিটনেসবিহীন গাড়ি বন্ধে বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনী  কী ভূমিকা পালন করেছে ও করছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী রবিবারের মধ্যে তা আদালতকে অবহিত করতে সংশ্লিষ্ট বিবাদীদের বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালত বলেন, ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না।

শুনানির আগে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে একটি প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পুলিশের আইজি। বিআরটিএর প্রতিবেদনে বলা হয়, গত ২৩ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৫ লাখ গাড়ি ফিটনেসবিহীন ছিল। এর মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৭৬৪টি যানবাহন তাদের ফিটনেস নবায়ন করেছে। পুলিশের আইজির দেওয়া প্রতিবেদনে বলা হয়, আদালতের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ অভিযান পরিচালনা করছে।

বিআরটিএর পক্ষে আইনজীবী রাফিউল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। রাফিউল ইসলাম বলেন, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ফিটনেস নবায়ন না করা গাড়িতে পেট্রোল পাম্প থেকে জ্বালানি সরবরাহ না করতে। এ আদেশ অনুসারে বিআরটিএ ব্যবস্থা নিয়েছে। প্রত্যেক পেট্রোল পাম্পকে চিঠি দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে ব্যানার লাগিয়েছে এবং ফিটনেসবিহীন যানবাহনে জ্বালানি দিচ্ছে না। এসবের সচিত্র প্রতিবেদন আদালতে দেওয়া হয়েছে।