নারায়ণগঞ্জের ৫টি ফটোকপি দোকানে র্যাব -১১ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল সরকারি রাজস্ব স্ট্যাম্পসহ ৩ জন ও ১ জন ভুয়া কাজীকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে ফতুল্লার চাঁনমারি এলাকার হাজী জালাল ম্যানশন মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব -১১ এর ভারপ্রাপ্ত কোঃ কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম সাংবাদিকদের এ তথ্য জানান।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল আজ বুধবার দুপুর ১টায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান জাল সরকারি রাজস্ব স্ট্যাম্পসহ মোঃ ইসমাইল(৩৮), মোঃ শফিকুল ইসলাম(৪৮), মোঃ চঞ্চল হোসেন(২৮) ও মোঃ কবির হোসেন(৪০) কে গ্রেফতার করে।। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সরকারি জাল রাজস্ব স্ট্যাম্প এবং ৬ টি নিকাহ ও তালাক রেজিস্টার উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে ফটোকপির দোকানে নারায়ণগঞ্জে জর্জ কোর্টের এ্যাডভোকেটদের ব্যবহৃত ওকালতনামায় জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে বিক্রয় করতো। এছাড়াও এই জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প গুলো জামিননামা ও পিটিশনেও ব্যবহার হয়ে থাকে। তারা এই জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প ক্রয়-বিক্রয় করে প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকার সরকারি রাজস্ব ফাকি দিয়ে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
ইত্তেফাক/এমআরএম