মার্কিন সরকারের অচলাবস্থা বড়দিনের ছুটি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সমঝোতার চেষ্টা সফল হয়নি। সিনেটরদের বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তারা বাড়িতে অবস্থান করবেন। ফলে বড়দিনের আগে কোনো ধরনের সমঝোতা না হওয়ার আশংকা দেখা দিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের
প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানে ৫শ’ কোটি ডলার বরাদ্দের জন্য চাপ দিলেও সিনেটে কোনো ধরনের সমঝোতা হয়নি। সিনেটের রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককোনেল সিনেটরদের বাড়ি ফিরে যেতে বলেছেন। বৃহস্পতিবার পর্যন্ত তাদের বাড়িতে অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে নির্দেশনা দিলে সিনেটরদের ক্যাপিটল হিলে ফিরে আসার কথাও বলা হয়েছে। দেয়াল নির্মান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন এবং বিরোধীদের মধ্যকার দ্বন্দ্বে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মিক মুলভ্যানি শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর চাক চুসুমারের সঙ্গে বৈঠক করেন। কিন্তু বৈঠকে কোনো ফল আসেনি। চুসুমারের মুখপাত্র জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট আমাদের সঙ্গে আলোচনার জন্য এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার মতের সঙ্গে আমাদের মত মেলেনি। চলতি বছরে তৃতীয়বারের মতো শাট ডাউনের মুখে পড়লো মার্কিন সরকার। এক বছরে তিনবার সরকার অচল হওয়ার ঘটনা গত ৪০ বছরের মধ্যে এই প্রথম। অর্থ বরাদ্দ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মতের সঙ্গে একমত প্রকাশ করেনি সিনেট। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি মেনে বিলটি পাস হয়। কিন্তু শুক্রবার সিনেটে বিলটি পাস হয়নি। সেখান থেকেই দ্বন্দ্ব এবং সরকারি কাজকর্ম বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
শাট ডাউনের ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবহন, কৃষি ও বিচার বিভাগের কাজকর্মও বন্ধ থাকছে। এই দ্বন্দ্বে বিপদের মুখে পড়েছে ৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী। তাদের হয় বেতন না নিয়ে মাসের পর মাস কাজ করতে হবে। না হলে চাকরি খোয়াতে হবে। এই অবস্থা অব্যাহত থাকলে বড়দিনের আগেই ছুটিতে যেতে পারেন তিন লাখ ৮০ হাজার কর্মী এবং পারিশ্রমিক ছাড়া কাজ করতে হবে চার লাখ কর্মীকে।