বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের দুই সদস্য চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান শামীম হোসেন পাটওয়ারী ও মাহমুদুল হাসান জয়কে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। দুই খেলোয়াড়কে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এ ছাড়া চাঁদপুর ক্রিকেট উপ-কমিটি, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিশেন দুই খেলোয়াড়কে ফুলেল শুভেচ্ছা জানান।
আরো পড়ুন : করোনা ভাইরাস: জাপানে ক্রুজ শিপে নতুন করে ৪৪ জন আক্রান্ত
এ সময় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম, ইমরান-মাহমুদ-ডালিম, সেলিনা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদস্য আবু নাছের বাচ্চু পাটওয়ারী, ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক শেখ আবদুল মোতালেবসহ ক্রীড়া সংস্থার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শামীম ও জয় ঢাকা থেকে লঞ্চযোগে চাঁদপুরে আসলে সর্বস্তরের জনগণ তাদেরকে লঞ্চঘাটে ফুল দিয়ে বরণ করেন।
অপরদিকে দুপুরে তাদের নিজ উপজেলা ফরিদগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ও উপজেলা ক্রীড়া সংস্থা।
ইত্তেফাক/ইউবি