ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে শাকিব খান-শবনম বুবলী জুটির ১১ নম্বর সিনেমা ‘বীর’। আজ সারাদেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এটিই হতে পারে কাজী হায়াত্ পরিচালিত শেষ সিনেমা। এ কথা গুণী এ পরিচালক নিজেই জানিয়েছেন।
গত বছরের ১২ ডিসেম্বর ছবিটির প্রযোজক ও অভিনেতা শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে বীর-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়। এরপর শুটিং ও অন্যান্য সব কাজ শেষে সেটিকে পাঠানো হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। গত ৪ ফেব্রুয়ারি ছবিটিকে আনকাট ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। ৯ ফেব্রুয়ারি শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ট্রেলার। অবশেষে আজ মুক্তি পাচ্ছে ছবিটি।
এ ছবি নিয়ে শুরু থেকেই নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। প্রথমে পরিচালক কাজী হায়াত্ অসুস্থ হয়ে বেশ কিছুদিন আমেরিকায় চিকিত্সাধীন থাকেন। যার কারণে নির্ধারিত সময়ে শুটিং শুরু হয়নি। কাজ শুরুর কয়েকদিন পর জ্বর, ঠাণ্ডা ও গ্যাস্ট্রিকজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় নায়ক ও প্রযোজক শাকিব খানকে। তাতেও বেশ কিছুদিন আটকে থাকে শুটিং। এরপর ছবিটির সম্পূর্ণ কাজ শেষ হয় গত ২৬ জানুয়ারি।