ভালোবাসা দিবসে সাবরিনার ‘উড়ু উড়ু মন’

ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশ করছেন কণ্ঠশিল্পী সাবরিনা বশির। গানটির শিরোনাম ‘উড়ু উড়ু মন’। ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল ম্যাক্সব্যাগ ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। গানটি পুরোপুরি রোমান্টিক ঘরানার গান বলে জানালেন এ গায়িকা। ভালোবাসা দিবসের গান বলে গানের কথা ও সংগীতায়োজনে ভালোবাসা সুন্দর একটি আবহ রাখা হয়েছে। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন অপু আমান। গানটির নান্দনিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গায়িকা নিজেই মডেল হয়েছেন গানটিতে। তার সঙ্গে আরো মডেল হয়েছেন ইমরান কৌশিক। নতুন এ গান প্রসঙ্গে সাবরিনা বশির বলেন, ‘ভালোবাসা দিবসের জন্য রোমান্টিক গান এটি। যে গানের প্রতিটি কথায় ভালোবাসার আবেদন ঝরে পড়বে। গানের কথার সঙ্গে অপু আমান ভাই দারুণ সংগীতায়োজন করেছেন। সেইসঙ্গে ভিডিওটিও ভালো হয়েছে। আশা করি গান ও ভিডিওটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’ এর আগে কণ্ঠশিল্পী কাজী শুভর সঙ্গে ‘মনটা চিন চিন’ ও ‘মনের নাও’ গানে কণ্ঠ দেন তিনি।