একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে নির্বাচন কমিশনকে জানানোর সময় আরো তিনদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠি দিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো এ তথ্য জানাচ্ছে ইসি। এর ফলে আগে যারা কোনো জোটে নাম লিখাতে পারেননি তারা সুযোগ পাবেন। আবার যারা আগেই জানিয়েছেন, তারাও জোটে দলের সংখ্যা বাড়াতে বা কমাতে পারবেন। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার কবিতা খানম সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ‘পুনরায় তফসিল ঘোষণা করায় জোটগতভাবে নির্বাচন করতে হলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য আরো তিনদিন সময় বাড়ানো হয়েছে। এতে করে যেসব রাজনৈতিক দল আগের নির্ধারিত সময় অনুযায়ী জোটগতভাবে নির্বাচন করবে কি করবে না সেটা জানায়নি, তারা আবারো সুযোগ পেল। আর যারা জানিয়েছিল, তারাও পুনরায় সুযোগ পেল। তারা চাইলে জোটগতভাবে নির্বাচনী দলের সংখ্যা বাড়াতে পারে, চাইলে কমাতেও পারে।’
এই সময় শুরু হবে মঙ্গলবার থেকে। জমা দিতে পারবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।’
এর আগে গত ৯ নভেম্বর তিনদিনের সময়সীমা দিয়ে জোটগতভাবে নির্বাচনের তথ্য জানাতে বলেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ। গত ১১ নভেম্বর ছিল তথ্য পাঠানোর শেষ সময়।