বুধবার প্রবল উত্সাহ ও ভালোবাসার মধ্য দিয়ে ঢাকায় এসেছেন বিশ্বকাপজয়ী যুব ক্রিকেটাররা। ঢাকায় তাদের এক দফা সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর রাতটা ঢাকায় কাটিয়ে যার যার বাড়িতে রওয়ানা হয়েছেন ক্রিকেটাররা। দৈনিক ইত্তেফাকের আঞ্চলিক প্রতিনিধিরা জানাচ্ছেন, প্রত্যেক ক্রিকেটারকে যার যার জেলায় সাড়ম্বরে বরণ করে নেওয়া হয়েছে।
বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীকে প্রথম সংবর্ধনা দেওয়া হয় সৈয়দপুর বিমাবন্দরে। এরপর রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে অভিবাদন জানানো হয় এই ক্রিকেটারকে। এসব অনুষ্ঠানে আকবর আলী বলেন, এই অর্জনের ধারা এখানে শেষ করতে চান না তারা।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী নগরডাঙ্গা গ্রামে ফিরেছেন বাহাতি পেসার শরিফুল ইসলাম। সেখানে উপচে পড়া ভিড় ছিল তাকে বরণ করে নিতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের দুই খেলোয়াড় তানজিদ হাসান তামিম ও তৌহিদ হূদয়কে বগুড়ায় ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।