খালেদা জিয়ার চিকিত্সা নিয়ে তার দল রাজনীতি করছে -------ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের খালদা জিয়ার মুক্তি সম্পর্কে বলেছেন, তাকে প্যারলে মুক্তি দেওয়ার জন্য পরিবার থেকে বিভিন্নভাবে আবেদন আসছে। তারা টিভির পর্দায় আবেদন করেন। আমি বৃহস্পতিবার সকালেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খবর নিয়েছি। লিখিত কোনো আবেদন আসেনি। তবে যুক্তিযুক্ত কারণ ছাড়া সরকার প্যারল আবেদন বিবেচনা করতে পারে না। বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে দলের লোকেরা বলে এক কথা, চিকিত্সকরা বলে আরেকটা। বিএনপি যতটা না তার চিকিত্সা নিয়ে ভাবছে, তার চেয়ে বেশি রাজনীতি করছে। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মীর্জা ফখরুলের সমালোচনা করে বলেন, বেগম জিয়াকে জেলের মধ্যে মেরে ফেলবে এ রাজনীতি বঙ্গবন্ধু করেন নাই। তার কন্যা শেখ হাসিনাও করেন না। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। খালেদা জিয়াকে জেলে নিয়েছে আদালত। তার দুর্নীতির মামলার মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। সরকার এটি বিবেচনা করতে পারে না।

সম্মেলনের প্রথম পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, শেখ হেলাল উদ্দিন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হিসেবে শেখ আবুল বশার খায়ের ও সাধারণ সম্পাদক হিসেবে  মো. বাবুল শেখের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসের নাম ঘোষণা করেন তিনি।