সেনাপ্রধানের সফরে বাংলাদেশ-নেপাল সম্পর্কে অগ্রগতি

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত ৭ ফেব্রুয়ারি হতে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারিভাবে নেপাল সফর করেন। তিনি নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী, প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা অলি, প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখারেল এবং সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপার সঙ্গে সাক্ষাত্ করেন। নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের সফরকালে নেপালের নেতৃবৃন্দ বাংলাদেশি সংস্কৃতি এবং ভাষার প্রতি তাদের গভীর মমত্ববোধের পরিচয় দেন। এমনকি অভিবাদন জানানোসহ কিছু কিছু ক্ষেত্রে তারা বাংলাতেও কথাবার্তা বলেন। নেপালের নেতৃবৃন্দ উভয় দেশের সেনাবাহিনী তথা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার ব্যাপারে সহযোগিতার জন্য সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেনাবাহিনী প্রধান বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোকপাতসহ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বব্যাপী মুজিববর্ষ উদ্যাপনের বিষয়টিও তুলে ধরেন। তিনি আরো উল্লেখ করেন যে, সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নেপাল সফর দুই দেশের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। নেপালের রাজনৈতিক নেতৃবৃন্দও উভয় দেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের এই দ্বিপাক্ষিক সফরের গুরুত্ব তুলে ধরেন।

নেপালের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাত্কালে উভয় দেশের সেনাবাহিনী প্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতাকে আরো এগিয়ে নিতে যৌথ সামরিক প্রশিক্ষণ, প্রশিক্ষণ বিনিময়, বিশেষজ্ঞ প্রশিক্ষক বিনিময়সহ অন্য সহযোগিতামূলক বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত পোষণ করেন। —আইএসপিআর