ঢাবিতে ভর্তি করানোর লোভ দেখিয়ে টাকা আত্মসাত্, ঢাকা কলেজের ছাত্র আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নামে টাকা লেনদেনের অভিযোগে দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জুয়েল ও ইমন নামে এই দুই  শিক্ষার্থীকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। তারা হলেন- ঢাকা কলেজের ছাত্র জুয়েল ও ভর্তিচ্ছু ইমন।

সূত্র জানায়, গত ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর জন্মদিন উপলক্ষে সিলেট থেকে এলাকার নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসে ইমন নামে এক ছাত্রলীগ কর্মী। এ সময় ঢাকা কলেজের ছাত্র জুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। জুয়েল নিজেকে ঢাবির ছাত্র পরিচয় দিয়ে ইমনকে ঢাবিতে ভর্তি করে দেওয়ার প্রস্তাব দেয়। ইমন জুয়েলের প্রস্তাবে রাজি হয়ে বাড়ি গিয়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠায়। গতকাল দুপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ইমন প্রতারণার ব্যাপারে জানায়। সন্ধ্যায় জুয়েলকে মুহসীন হলের গেট থেকে ধরে প্রক্টরিয়াল বডির মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। এ সময় ভর্তিচ্ছু ইমনকেও থানায় দেওয়া হয়। প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, বহিরাগত এই দুজনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।