নির্বাচনে দলীয় প্রার্থীদের অপরাধের রেকর্ড প্রকাশ করতে হবে

ভারতে প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের বিশদ বিবরণসহ তাকে মনোনয়ন দেওয়ার কারণ রাজনৈতিক দলের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের এক আইনজীবীর করা আদালত অবমাননার মামলার শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এ আদেশ দেয়। গত চারটি জাতীয় নির্বাচনে ‘রাজনীতিতে দুর্বৃত্তায়ন উদ্বেগজনক হারে বাড়ার’ কথা তুলে ধরে সর্বোচ্চ আদালত বলেছে, বাছাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীদের ফৌজদারি ইতিহাসের বিবরণ দলের ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে তুলে ধরতে হবে। ফৌজদারি মামলায় বিচারাধীন প্রার্থীদের বাছাইয়ের কারণও রাজনৈতিক দলগুলিকে তাদের ওযেবসাইটে তুলে ধরতে হবে। পাশাপাশি একই বিবরণী ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতেও সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে। -এনডিটিভি