নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগে দুদকের চিঠি

দেশের দখল হওয়া প্রায় ৫০ হাজার নদী দখলকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ও নদীগুলোকে দখলমুক্ত করতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখেতর স্বাক্ষরিত এই চিঠি মন্ত্রিপরিষদ সচিবকে দেওয়া হয়েছে।

দুদকের চিঠিতে অনুরোধ করে বলা হয়েছে, প্রতিটি জেলার জেলা প্রশাসকগণ স্ব স্ব অধিক্ষেত্রে যেসব নদী দখল হয়েছে, সেগুলোকে দখলমুক্ত করবেন এবং দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রতিটি জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করা যেতে পারে, যা কমিশন প্রত্যাশা করে। এ বিষয়ে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কার্যক্রমের মাসিক প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগ সংরক্ষণ করতে পারে এবং প্রয়োজনে প্রতিবেদনের অনুলিপি দুদকে প্রেরণ করতে পারে।

চিঠিতে আরো বলা হয়েছে, নদীমাতৃক বাংলাদেশের নদীকেন্দ্রিক সভ্যতা আজ সত্যিই হুমকির মুখোমুখি। প্রাকৃতিক, আন্তর্জাতিক এবং কতিপয় সর্বগ্রাসী নদী দখলদারের কারণেই দেশের নদীসমূহ আজ বিপন্ন হয়ে পড়েছে। পত্রিকায় প্রকাশিত ন্যাশনাল রিভার কনজারভেশন কমিশনের রিপোর্ট অনুসারে, দেশের ৬৪টি জেলার ১৩৯টি নদী ব্যাপকভাবে দখল করা হয়েছে। কেবল ঢাকার বাইরে ৪৯ হাজার ১৬২ জন নদী দখলদারকে চিহ্নিত করা হয়েছে। সরকারি সম্পদ আত্মসাত্ অথবা আত্মসাতের সহযোগিতা দুদকের তপশিলভুক্ত অপরাধ।