ইরানের বিরুদ্ধে যুদ্ধের অধিকার চান ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধের অধিকার চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেস তার সেই অধিকার কেড়ে নিতেই পদক্ষেপ নিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প সেটি না করার আহ্বান জানিয়েছেন। কিন্তু তার রিপাবলিকান দলের নেতারাও বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়েছেন। —খবর ওয়াশিংটন টাইমস ও ভয়েস অব আমেরিকার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার অধিকার কেড়ে নেওয়ার প্রস্তাব পাশ না করতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটার বার্তায় সিনেটরদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি। টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার থাকা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐ দেশটির ব্যাপারে এখন পর্যন্ত আমরা সঠিক পথে এগিয়ে চলছি। এখন দুর্বলতা প্রকাশ করার সময় নয়। সন্ত্রাসী সোলাইমানি হত্যায় পরিচালিত অভিযানের ব্যাপারে বেশির ভাগ আমেরিকানই আমাদের সমর্থন করে।’ প্রতিনিধি পরিষদ থেকে প্রস্তাবটি সিনেটে পাঠানোর পর এটির ওপর ভোটাভুটি হবে কি না, সম্প্রতি সে সংক্রান্ত এক ভোটাভুটি হয়। এতে পক্ষে ৫১ ও বিপক্ষে ৪৫ ভোট পড়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ যাওয়ার ক্ষমতা কেড়ে নিতে প্রস্তাব পাশ করে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। প্রস্তাবটির ওপর স্থানীয় সময় বুধবার কিংবা বৃহস্পতিবার সিনেটে ভোটাভুটি হওয়ার কথা। এখন পর্যন্ত আট রিপাবলিকান সিনেটর এই প্রস্তাবের পক্ষে অর্থাত্ ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন জানিয়েছেন। এই আট জন ৪৭ ডেমোক্র্যাট সিনেটরের সঙ্গে মিলিত হলে চূড়ান্ত ভোটাভুটিতে এটি পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।