একতরফা নির্বাচনের চেষ্টা চলছে ----------------------রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মনে হচ্ছে যে সরকার একতরফা নির্বাচন করতে চায়। নানাভাবে একটা চক্রান্তের জাল বিস্তার করে এখানে নির্বাচন কমিশন, প্রশাসন, তারপরে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তাদের ওপর চাপ প্রয়োগ করে অনেক স্থানে ধানের শীষের প্রার্থিতা বাতিল করে দেওয়া হচ্ছে। গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, সরকার চক্রান্তের জাল তৈরি করে হানা দিয়ে, ধানের শীষের প্রার্থীদের আক্রমণ, গ্রেফতার, ক্ষত-বিক্ষত করে, প্রার্থীদের সমর্থকদের চোখ তুলে নিয়ে যে নির্বাচন করতে চাচ্ছে, এই নির্বাচন হচ্ছে ক্ষমতার সিংহাসনে আজীবন থাকার যে স্বপ্ন-সাধ শেখ হাসিনার, সেটাই পূরণের চেষ্টা তিনি করছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, কেন্দ্রীয় নেতা অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, মুনির হোসেন, আনোয়ার হোসাইন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।