যে ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থসংক্রান্ত কার্যাবলি তদারকি করেন তাকে আর্থিক ব্যবস্থাপক বলে
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা-প্রথমপত্র
হেমায়েত হোসেন
সহকারী অধ্যাপক
কোয়ালিটি এডুকেশন কলেজ, ঢাকা
প্রথম অধ্যায়- অর্থায়নের ধারণা
জনাব হামিদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সম্প্রতি তিনি একটি নতুন প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। এজন্য তিনি তার এক বন্ধুর নিকট থেকে পরামর্শ গ্রহণ করলেন। বন্ধু তাকে কাম্য পরিমাণ মূলধন বিনিয়োগের পরামর্শ দেন। কিন্তু তিনি অধিক লাভের আশায় সমুদয় অর্থ উক্ত প্রকল্পে বিনিয়োগ করেন এবং তার মূলধন ক্ষতিগ্রস্থ হয়।
ক) আর্থিক ব্যবস্থাপক কে? ১
খ) অর্থায়ন কলা না বিজ্ঞান? ব্যাখ্যা করো। ২
গ) জনাব হামিদকে তার বন্ধু অর্থায়নের যে নীতি অনুসরণের পরামর্শ দিয়েছিলেন তা ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকে জনাব হামিদের বন্ধুর প্রদত্ত পরামর্শের যৌক্তিকতা কতটুকু? বিশ্লেষণ কর ৪
উত্তর: ক) যে ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থসংক্রান্ত কার্যাবলি তদারকি করেন তাকে আর্থিক ব্যবস্থাপক বলে।
খ) অর্থায়ন অর্থ ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞান উভয়ই। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ, বণ্টন ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে বোঝায়। আর্থিক ব্যবস্থাপক বিশেষ কিছু পদ্ধতি ও কৌশল প্রয়োগের মাধ্যমে অর্থায়ন সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করে থাকেন। এ দৃষ্টিকোণ থেকে এটি একটি Arts বা কলা। অপরপক্ষে অর্থায়নের কাজকে অধিক সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আধুনিককালে আর্থিক ব্যবস্থাপকগণ কতগুলো সূত্র ও নীতির প্রয়োগ করছেন।এদিক থেকে অর্থায়ন নি:সন্দেহে একটি বিজ্ঞান।
গ) জনাব হামিদকে তার বন্ধু অর্থায়নের তারল্য বনাম মুনাফা নীতি অনুসরণের পরামর্শ দিয়েছেন। ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন হয় নগদ টাকার। আবার বেশি পরিমাণ নগদ অর্থ হাতে রাখলে প্রতিষ্ঠানের বিনিয়োগের ঘাটতি দেখা দেয় যা প্রতিষ্ঠানের মুনাফাকে কমিয়ে দেয়। তাই সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনা করতে গেলে এই দুইয়ের মাঝে সমন্বয় করে চলতে হয়। একেই বলে তারল্য বনাম মুনাফা নীতি।
উদ্দীপকে বর্ণিত জনাব হামিদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এজন্য তিনি তার বন্ধুর নিকট থেকে পরামর্শ গ্রহণ করেন। তার বন্ধু তাকে কাম্য পরিমাণ মূলধন বিনিয়োগের পরামর্শ দেন। কাম্য পরিমাণ মূলধন বিনিয়োগ বলতে এমন পরিমাণ মূলধনকে বোঝায় যে পরিমাণ অর্থ বিনিয়োগের ফলে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলি সম্পাদন করার জন্য পর্যাপ্ত তারল্য বজায় থাকে। কিন্তু জনাব হামিদ অধিক লাভের আশায় সমুদয় অর্থ উক্ত প্রকল্পে বিনিয়োগ করেন এবং তার মূলধন ক্ষতিগ্রস্থ হয়।
ঘ) উদ্দীপকে জনাব হামিদের বন্ধুর প্রদত্ত পরামর্শটি ছিল তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করা যা সম্পূর্ণ যৌক্তিক।
কোন প্রতিষ্ঠানের তারল্য বলতে বোঝায় চলতি দায় পরিশোধের সক্ষমতা। অর্থাত্ নগদ ও নগদ সমতুল্য সম্পদের উপস্থিতি। অধিক পরিমাণ তারল্য বজায় রাখলে প্রতিষ্ঠানের বিনিয়োগ কমে যায় যা প্রতিষ্ঠানের মুনাফা কমিয়ে দেয়। অন্যদিকে অধিক মুনাফা অর্জনের জন্য সমুদয় সম্পদ বিনিয়োগ করলে তারল্য ঘাটতি দেখা দেয় যার ফলে প্রতিষ্ঠান চলতি দায় পরিশোধে অক্ষম হয়। ফলে প্রতিষ্ঠান দেউলিয়াত্বের ঝুঁকির মধ্যে পড়ে।
উদ্দীপকে বর্ণিত জনাব হামিদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সম্প্রতি তিনি একটি নতুন প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। তার বন্ধু তাকে কাম্য পরিমাণ মূলধন বিনিয়োগের পরামর্শ দেন। কিন্তু তিনি অধিক লাভের আশায় সমুদয় অর্থ উক্ত প্রকল্পে বিনিয়োগ করেন। জনাব হামিদ চলতি মূলধনের প্রয়োজন মেটানোর জন্য নগদ ও নগদ সমতুল্য সম্পদ সংরক্ষণ না করেই সম্পূর্ণ টাকা বিনিয়োগ করেন যার ফলে তার মূলধন ক্ষতিগ্রস্থ হয়। পরিশেষে বলা যায় যে, জনাব হামিদের বন্ধুর প্রদত্ত পরামর্শ অত্যন্ত যৌক্তিক।